ATN
শিরোনাম
  •  

সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একমত আইএমএফ: অর্থমন্ত্রী

         
সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একমত আইএমএফ: অর্থমন্ত্রী

সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন হবে, একমত আইএমএফ: অর্থমন্ত্রী

দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংস্কার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)ও একমত। কোন সংস্কার কখন বাস্তবায়ন করা প্রয়োজন, সেই অগ্রাধিকার নির্ধারণ করেই সরকার এগোবে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং–বিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির প্রতি আইএমএফ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। একই সঙ্গে নতুন ঋণ কর্মসূচির ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি বলেন, নতুন ঋণ কর্মসূচি কোন ভিত্তি ও নীতিমালার ওপর পরিচালিত হবে, সে বিষয়ে সরকার ও আইএমএফের মধ্যে পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। সরকার যে নীতিগত প্রস্তাব দিয়েছে, আইএমএফ তাতে সম্মতি জানিয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই রাজনৈতিক দায়িত্বশীলতার বিষয়টিকে আইএমএফ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে এবং সম্মান জানিয়েছে।

বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ড মূল্যায়ন করে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য, আর্থিক খাতের সংস্কার, শেয়ারবাজার ও পুঁজিবাজারের উন্নয়ন এবং রাজস্ব আহরণে সরকারের অগ্রগতি ইতিবাচক হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি দাবি করেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র চার মাসে কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। একই সঙ্গে কর-জিডিপি অনুপাত বৃদ্ধির লক্ষ্যে সরকারের পরিকল্পনা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

ভর্তুকি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ মুহূর্তে কোনো নির্দিষ্ট শর্ত বা বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়নি। বর্তমানে নতুন ঋণ কর্মসূচির মৌলিক কাঠামো ও ভিত্তি নির্ধারণের বিষয়েই আলোচনা চলছে। পরবর্তী পর্যায়ে ভর্তুকিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি আরও জানান, আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভার সময় এ বিষয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারের চলমান সংস্কার কার্যক্রমে আইএমএফ সন্তুষ্ট এবং সেই ভিত্তিতেই নতুন ঋণ কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ