ATN
শিরোনাম
  •  

হলিউড অভিনেতা স্যাম নিল আর নেই

         
হলিউড অভিনেতা স্যাম নিল আর নেই

হলিউড অভিনেতা স্যাম নিল আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল মারা গেছেন। সোমবার (১৩ জুলাই) ৭৮ বছর বয়সে তাঁর মৃত্যুর বিষয়টি পরিবার নিশ্চিত করেছে। নিউজিল্যান্ডের এই কিংবদন্তি অভিনেতা ‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’, ‘পিকি ব্লাইন্ডার্স’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন।

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষনিশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। মৃত্যুর কারণ প্রকাশ করা না হলেও পরিবার জানিয়েছে, তাঁর মৃত্যু ছিল আকস্মিক। তবে মৃত্যুকালে তিনি ক্যানসারমুক্ত ছিলেন।

২০২৩ সালে প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস?’-এ স্যাম নিল জানান, ২০২২ সালে তাঁর তৃতীয় ধাপের অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা—এক ধরনের বিরল রক্তের ক্যানসার—ধরা পড়েছিল। দীর্ঘ চিকিৎসার পর রোগটি নিয়ন্ত্রণে এলেও তাঁকে নিয়মিত চিকিৎসার আওতায় থাকতে হচ্ছিল।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এক শোকবার্তায় বলেন, স্যাম নিল অসংখ্য প্রিয় অস্ট্রেলীয় গল্পের অংশ ছিলেন। তাঁর অভিনয়, রসবোধ ও ব্যক্তিত্ব তাঁকে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছে।

১৯৭০-এর দশকে অভিনয়জীবন শুরু করা স্যাম নিল টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘জুরাসিক পার্ক’, ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘দ্য পিয়ানো’।

অভিনয়ের পাশাপাশি তিনি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের মনোরম সেন্ট্রাল ওটাগো অঞ্চলে একটি আঙুরের বাগানও পরিচালনা করতেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ