ATN
শিরোনাম
  •  

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

         
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এ নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, রোপণ করা পাঁচটি চারার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির গাছ অন্তর্ভুক্ত রাখতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ