ATN
শিরোনাম
  •  

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

         
বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহযোগিতায় দেশের বন্যাকবলিত ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো—বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।

রোববার (১২ জুলাই) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসাসেবা প্রদান, ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবিকে মোতায়েন করা হয়েছে।

শরীফুল ইসলাম আরও জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় উল্লিখিত ১১ জেলার ৯০টি পয়েন্টে বিজিবির সদস্যরা সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক উদ্ধার ও মানবিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে বান্দরবানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ ছাড়া বান্দরবান-রোয়াংছড়ি সড়কের যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণে বিজিবি কার্যকর ভূমিকা পালন করেছে।

অন্যদিকে, নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি স্টিলের সেতু রক্ষায় জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিজিবি কাজ করে যাচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ