ATN
শিরোনাম
  •  

এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আবহাওয়া দেখে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

         
এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আবহাওয়া দেখে নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনায়: শিক্ষামন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জেলা প্রশাসক (ডিসি), শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিত করার বিষয়ে সিদ্ধান্ত হবে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, ঢাকাসহ দেশের বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠক করেছেন। গতকাল থেকেই ৬৪ জেলার জেলা প্রশাসক এবং সব শিক্ষা বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কোথায় কী পরিস্থিতি রয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পর আবারও বৈঠক করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তী সময়ে আয়োজনের প্রস্তুতিও রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে একটি প্রতারক চক্র ভুয়া প্রশ্নপত্রের নামে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা করছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমনভাবে সংবাদ প্রকাশ করলে প্রতারক চক্র উৎসাহিত হয়। বরং স্পষ্টভাবে জানাতে হবে যে, প্রশ্নফাঁস হয়নি।

মন্ত্রী আরও জানান, এ ধরনের সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

পরীক্ষাকেন্দ্রে অনিয়মের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লায় এক শিক্ষক নিজের পরিবর্তে একজন শিক্ষার্থীকে দিয়ে উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শনাক্তের চেষ্টাও চলছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ