ATN
শিরোনাম
  •  

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

         
কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি

৩-১ গোলের চূড়ান্ত স্কোরলাইন দেখে অনেকেরই মনে হতে পারে, আর্জেন্টিনা সহজেই জয় পেয়েছে। তবে বাস্তবতা ছিল ভিন্ন। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াই ছিল কঠিন ও রোমাঞ্চে ভরা। নির্ধারিত সময় শেষে ম্যাচ ১-১ সমতায় থাকায় যখন পেনাল্টি শুটআউটের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছিল, তখনই অতিরিক্ত সময়ে জোড়া গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা। শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসসহ পুরো দল উচ্ছ্বাসে মেতে ওঠে। আনন্দে নিজের জার্সিও খুলে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদযাপনের একটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে মেসি লিখেছেন, আবারও কষ্ট করতে হয়েছে। কিন্তু এই দল কখনোই বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি। চলো এগিয়ে যাই আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে টানা তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে এসে লিওনেল স্কালোনির দলের প্রতিটি ম্যাচই ছিল নাটকীয়তায় ভরা।

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এরপর কেপ ভার্দের বিপক্ষেও একই ব্যবধানে জয় পায় তারা। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর ছিল ১-১। অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে হুলিয়ান আলভারেস এবং ১২০ মিনিটের পর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস গোল করে দলের জয় নিশ্চিত করেন। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি আসে ম্যাচের ১০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের পা থেকে।

সেমিফাইনাল নিশ্চিত করার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, আমাদের জন্য এই ধাপটি পার হওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানতাম, এটি খুবই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। এই জয়ে আমি খুবই আনন্দিত।

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে এবার সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর তাতেই বিশ্বকাপের ইতিহাসে গড়ে উঠেছে একটি নতুন নজির। এবারই প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

১৪ জুলাই ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ১ ও ৩ নম্বরে। অন্যদিকে ১৫ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। বর্তমান র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয় এবং ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।

উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর বিশ্বকাপের সূচি চূড়ান্ত হওয়ার সময়ও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ