ATN
শিরোনাম
  •  

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

         
টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

ভরা বর্ষায় কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। গতকাল শনিবার মধ্যরাত থেকে শুরু হয় অবিরাম বর্ষণ। রোববার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতটা বৃষ্টি এই মৌসুমে আর হয়নি। বিশেষ করে অলিগলিতে জমা পানি সরছে না। বিভিন্ন সড়ক ডুবে গিয়ে যান চলাচল প্রায় থমকে গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে অঝোর বৃষ্টি রাজধানীতে অফিসগামী যাত্রীদের জন্য বড় দুর্ভোগ তৈরি করেছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। তবু ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে চাকরিজীবীদের।

সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বিজয় সরণি, তেজকুনি পাড়া, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া, মিরপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে।

তেজকুনি পাড়ার বাসিন্দা মিলন বলেন, আমি তেজকুনি পাড়ায় একটি বাসায় ভাড়া থাকি। আজ সকাল ৮টায় আমার অফিস ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে বের হতে পারিনি। প্রায় এক ঘণ্টা পরে বাসা থেকে বের হয়ে দেখি পুরো এলাকাজুড়ে হাঁটুসমান পানি জমে আছে। ততক্ষণে অফিসের সময়ও পেরিয়ে গেছে। তাই কোনো উপায় না পেয়ে হাঁটুসমান পানি মাড়িয়েই অফিসে আসতে হয়েছে।
ছবি
কাজীপাড়া থেকে কাওরান বাজার অফিসের উদ্দেশে বের হয়েছিলেন আরিফ হাসান। তিনি বলেছেন, বৃষ্টিতে তার বাসার সামনে কোমর সমান পানি। রাস্তায় যানবাহন তেমন একটা নেই বললেই চলে। আবার দু-একটা থাকলেও তিন গুণ বেশি ভাড়া দাবি করেছিল। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে শেষ পর্যন্ত মেট্রোতে করে গন্তব্যে আসতে হয়েছে।

রাজধানীর কাওরান বাজারের তেজতুরী পাড়ার একটি বাসার নিচতলার ভাড়া থাকেন আরিফ হাসানের আরেক সহকর্মী মোকাররম রুশো। খুব সকালে বৃষ্টির মধ্যে বের হয়ে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের খেলা দেখে বাসায় ফিরেই মাথায় হাত তার। বৃষ্টির পানি রুমে ঢুকে ভেসে গেছে সব কিছু। তলিয়ে গেছে বিছানা আসবাব পত্র সবই।
ছবি
এ ছাড়া রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, তেজগাঁও, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে বিভিন্ন স্থানে হাঁটুপানি জমতে দেখা যায়। অনেক বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। এতে বাসা থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

তেজগাঁওয়ে অফিস সাদিয়া সিদ্দিকার। তিনি নারায়ণগঞ্জের থাকেন। বাসা থেকে বেরিয়েই গলিতে হাঁটুপানি। গলির এ পানি পার হতে রিকশা খুঁজছেন। একঘণ্টা বাসার নিচে দাঁড়িয়েও রিকশা পাননি। বাধ্য হয়ে পানিতে নামতে দেখা যায় তাকে। সাদিয়া সিদ্দিকা বলেন, ‌অফিস ৮টায়; ইতিমধ্যে দেরি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকলে আরও দেরি হয়ে যাবে। রিকশা পেলাম না। অবশেষে কাপড় ভিজিয়ে পানি পার হতে হয়েছে। কিছুই করার ছিলো না।
ছবি
এদিকে, থেমে থেমে বৃষ্টি হওয়ায় কাকভেজা হয়ে অফিসে যেতে হচ্ছে চাকরিজীবীদের। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। রাস্তায় বের হওয়া কর্মজীবীরাও ঝুম বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটছেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ