ATN
শিরোনাম
  •  

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

         
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান

তৃতীয় ওয়ানডেতে শুরুতেই দারুণ বোলিং করে জিম্বাবুয়েকে চাপে ফেলে বাংলাদেশ। মাত্র ২৭ রানের মধ্যে স্বাগতিকদের তিনটি উইকেট তুলে নিয়ে শক্ত বার্তা দেন শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তবে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যাড ইভান্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে সিকান্দার রাজার দল। সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০ রান।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে টানা তৃতীয় ম্যাচেও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন পেসাররা।

দলীয় ১২ রানের মাথায় প্রথম ধাক্কা খায় জিম্বাবুয়ে। শরিফুল ইসলামের বলে ১৩ বলে ২ রান করে আউট হন ওপেনার বেন কারান। পরের ওভারেই তাসকিন আহমেদের শিকার হন আরেক ওপেনার ব্রায়ান বেনেট, তিনি ১৯ বলে করেন ৬ রান।

এরপর ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি বেশিক্ষণ টেকেনি। শরিফুলের বলে ২০ বলে ৫ রান করে বিদায় নেন আরভিন। দলীয় ২৭ রানেই তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর ইনোসেন্ট কাইয়ার সঙ্গে জুটি গড়েন ওয়েসলি মাধেভেরে। দুজন মিলে ধীরে ধীরে ইনিংস মেরামত করেন এবং সময়ের সঙ্গে রানের গতিও বাড়ান। শেষ পর্যন্ত ৬৭ বলে ২৫ রান করে দলীয় ৭৮ রানের সময় আউট হন কাইয়া।

তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক সিকান্দার রাজা। তবে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ২৫ বলে ১১ রান করে তানভীর ইসলামের শিকার হন রাজা। দলীয় সংগ্রহ তখন ১০৭ রান। এদিকে একপ্রান্ত আগলে রেখে নিজের অর্ধশতক পূর্ণ করেন মাধেভেরে।

ফিফটির পর আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন এই বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হলেও সেটি পূরণ করতে পারেননি। ৭৪ বলে ৭৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলে দলীয় ১৫১ রানের সময় আউট হন মাধেভেরে।

রাজার বিদায়ের পর ক্লিভ মাদান্দে ব্যাট হাতে নামলেও শরিফুল ইসলামের বলে মাত্র ৫ বলে ১ রান করে ফিরে যান। এরপর ব্র্যাড ইভান্স শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে জিম্বাবুয়ের সংগ্রহকে লড়াইয়ের অবস্থানে নিয়ে যান।

আগের ম্যাচের মতো এবারও ব্যাট হাতে কার্যকর ছিলেন ইভান্স। মাত্র ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৫০ রান করেন তিনি। পরের ওভারে দশ নম্বরে নামা মাসুকুও আউট হলে ৪৮.১ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম। তিনি ৪টি উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান মোহাম্মদ সাইফউদ্দিন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ