ATN
শিরোনাম
  •  

বাউফলে বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

         
বাউফলে বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাউফলে বিয়ের আড়াই মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ইশরাত জাহান নিশি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) সকালে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরবেশ মিঞা সড়কের একটি বাসার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইশরাত জাহান নিশি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা মোল্লারহাট এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৪ এপ্রিল বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার যুক্তরাষ্ট্রপ্রবাসী মনির হোসেনের (৪৭) সঙ্গে নিশির বিয়ে হয়। বিয়ের ১৬ দিন পর তিনি স্বামীর বাড়িতে ওঠেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মনির হোসেনের চলতি মাসের শেষ দিকে আবার সেখানে ফিরে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি, বিদেশে ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুটা মানসিক দূরত্ব ও অভিমান তৈরি হয়েছিল।

নিহতের স্বামী মনির হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে তারা একসঙ্গে ছিলেন। পরে নিশি পাশের একটি কক্ষে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাতভর অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে কক্ষের ভেতরে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ