ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারিং ছিল ন্যায্য: সুইজারল্যান্ড কোচ

         
আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারিং ছিল ন্যায্য: সুইজারল্যান্ড কোচ

প্রধান কোচ মুরাত ইয়াকিন

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে চলা বিতর্কে মুখ খুলেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, ম্যাচটিতে রেফারিং ছিল স্বচ্ছ, ন্যায্য এবং প্রযুক্তিনির্ভর।

সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, বর্তমান ফুটবলে ভিএআর ও আধুনিক প্রযুক্তির কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যথাযথভাবে যাচাই করা সম্ভব। তাই আর্জেন্টিনা বাড়তি সুবিধা পেয়েছে—এমন অভিযোগের সঙ্গে তিনি একমত নন।

সুইস কোচের ভাষায়, আর্জেন্টিনা একটি শক্তিশালী, আগ্রাসী এবং কৌশলী দল। প্রতিটি ম্যাচেই তারা সর্বোচ্চ আবেগ ও দৃঢ়তা নিয়ে খেলে। প্রতিপক্ষ যদি সেই চাপ সামলাতে না পারে, তাহলে তাদের হারানো কঠিন হয়ে পড়ে। তবে ম্যাচে কোনো নেতিবাচক বা অন্যায্য কিছু ঘটেছে বলে তিনি মনে করেন না।

রেফারিং বিতর্ক প্রসঙ্গে ইয়াকিন আরও বলেন, ম্যাচ শেষ হওয়ার পর অভিযোগ তুলে কোনো সমাধান হয় না। তার মতে, যা করার সুযোগ, তা মাঠের ৯০ মিনিটের মধ্যেই নিতে হয়। ম্যাচ শেষে একে অপরকে দোষারোপ বা কাদা ছোড়াছুড়ি করার কোনো অর্থ নেই।

এর আগে একই ইস্যুতে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম এবং স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারিংকে ন্যায্য বলে মন্তব্য করেছিলেন।

এদিকে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ