ATN
শিরোনাম
  •  

ইরানের হাতে নিহত হলে কড়া জবাবের নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প

         
ইরানের হাতে নিহত হলে কড়া জবাবের নির্দেশনা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে তিনি নিহত হলে কী ধরনের প্রতিক্রিয়া জানানো হবে, সে বিষয়ে আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। তার দাবি, এমন ঘটনা ঘটলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানো হবে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে ইরানের ওপর এমন মাত্রার হামলা চালানো হবে, যা দেশটি আগে কখনও দেখেনি।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইসরায়েলের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, ইরান নাকি তাকে হত্যার নতুন পরিকল্পনা করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু। তার দাবি, তেহরান বহু বছর ধরে তাকে হত্যার চেষ্টা করছে এবং বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে এমন তথ্য রয়েছে যে, ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি নতুন পরিকল্পনা করেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকির বিষয়ে যুক্তরাষ্ট্রও বিভিন্ন গোয়েন্দা তথ্য পেয়েছে। তবে ইসরায়েলের দেওয়া সর্বশেষ তথ্যকে নতুন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন তথ্য প্রকাশ মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ