ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: মেয়র

         
চট্টগ্রামে ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: মেয়র

চট্টগ্রামে ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, নগরের প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে জলাবদ্ধতার পানি নেমে গেছে। তবে নিচু হওয়ায় বাকি প্রায় ২০ শতাংশ এলাকায় এখনো পানি জমে রয়েছে। এসব স্থানে কেন পানি দ্রুত নামছে না, তা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে চিহ্নিত করা হচ্ছে। সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১০ জুলাই) নগরের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন এবং পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের সময় চান্দগাঁও এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

গত শনিবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত ছিল। এর মধ্যে সোমবার চান্দগাঁও, আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গাসহ নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। মঙ্গলবারের ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। বহু বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বুধবার রাত থেকে অনেক এলাকায় পানি নামতে শুরু করলেও বৃহস্পতিবার পর্যন্ত আগ্রাবাদ এক্সেস রোড, হালিশহর কে-ব্লক, চান্দগাঁও মোহরা, শমসেরপাড়া ও বলিরহাটসহ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা ছিল। শুক্রবার সকাল পর্যন্ত নগরীতে নতুন করে বৃষ্টি না হলেও চান্দগাঁও, আগ্রাবাদ ও হালিশহরের কয়েকটি এলাকায় পানি পুরোপুরি নামেনি।

এদিকে, টানা ছয় দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বাইরে জেলার অধিকাংশ উপজেলাও প্লাবিত হয়েছে। এতে প্রায় চার লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পরিস্থিতি পর্যবেক্ষণে মেয়র ও সংসদ সদস্য চান্দগাঁও আবাসিক এলাকা, হাজিরপুল, বালুরতাল, অনন্যা আবাসিক এলাকা এবং শমসেরপাড়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা ঘুরে দেখেন। এ সময় তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, গত পাঁচ থেকে ছয় দিনে (বৃহস্পতিবার পর্যন্ত) চট্টগ্রামে দেশের ইতিহাসে রেকর্ড ১ হাজার ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে নিচু এলাকাগুলোতে পানি জমে রয়েছে এবং দ্রুত নামতে পারেনি।

তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে চসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা থাকলে তা দ্রুত অপসারণ করে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, যেসব নিচু এলাকায় এখনো পানি জমে আছে, সেখান থেকেও খুব শিগগির পানি নেমে যাবে। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, পানিবন্দী মানুষের পাশে বর্তমান সরকার রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে একা রাখা হবে না।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ