ATN
শিরোনাম
  •  

ঢাকায় গাইবেন আতিফ, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

         
ঢাকায় গাইবেন আতিফ, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

ঢাকায় গাইবেন আতিফ, সঙ্গে ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’

বাংলাদেশের শ্রোতাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের একটি জমকালো কনসার্টে অংশ নিতে আগামী জুলাই মাসে তিনি বাংলাদেশে পা রাখছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে খবরটি আতিফ নিজেই নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা–জুলাই ২৪, ২০২৬’। এর সঙ্গে কনসার্টের টিকিটের লিংকও জুড়ে দিয়েছেন এই তারকা।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গত বুধবার তারা অনুষ্ঠানস্থলের নাম ঘোষণা করেছে। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফিটের ‘ক্রিকেটারস একাডেমি’তে এই সুরের মেলা বসবে। আতিফ আসলামের পাশাপাশি ঢাকার এই কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’।

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে https://getmyticket.live/ এই ঠিকানায়। মোট তিনটি ক্যাটাগরিতে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ২টায় গেট ওপেন করা হবে এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টায় গেট বন্ধ করে দেওয়া হবে। মূল আয়োজন বিকেল ৫টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের পক্ষে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী থেকে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা এবং ভালোবাসার এক মিলনমেলা হয়ে উঠবে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে থাকলেও, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে কর্তৃপক্ষের নির্দেশনায় কনসার্টটি স্থগিত করা হয়। তবে আয়োজকরা তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আয়োজনটি বাতিল নয়, বরং উপযুক্ত সময়ে আবারও করা হবে। অবশেষে সেই কথাই রাখল মেইন স্টেজ।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ