ATN
শিরোনাম
  •  

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

         
আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হচ্ছে না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ এখনো পুরোপুরি শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে দ্রুতই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বাকি ২০ শতাংশ বেসরকারি বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা পাবেন।

দেশের পার্বত্য তিন জেলা ছাড়া অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

এ বছর পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ