ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: সুইস কোচ মুরাত ইয়াকিন

         
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: সুইস কোচ মুরাত ইয়াকিন

সুইস কোচ মুরাত ইয়াকিন

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সমীহ করলেও তাদের হারানো অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। কোয়ার্টার ফাইনালের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের দলের লক্ষ্য ও প্রস্তুতির কথা তুলে ধরেছেন তিনি।

আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দুই দলই প্রস্তুতি নিচ্ছে শেষ মুহূর্তে।

শেষ ষোলোর লড়াইয়ে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুরাত ইয়াকিন বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা তাদের জন্য বড় একটি সুযোগ। আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তারা অজেয় নয়। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয় পাওয়াও সম্ভব বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ও খেলার ধরন সম্পর্কে তাদের ভালো ধারণা রয়েছে বলেও উল্লেখ করেন সুইস এই কোচ।

১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ইউরোপের দলটি। গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জনের পর নকআউট পর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা।

এদিকে, সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেজও আর্জেন্টিনার শক্তিমত্তার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, আর্জেন্টিনার দলে বিশ্বের সেরা ফুটবলারদের কয়েকজন রয়েছেন। বিশেষ করে লিওনেল মেসির উপস্থিতি ম্যাচকে আরও কঠিন করে তুলবে। তবে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান জানিয়েও আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইজারল্যান্ড। কঠিন এই চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো দল প্রস্তুত বলেও জানান তিনি।

অন্যদিকে, মিশরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শেষ চারের টিকিট নিশ্চিত করতে দুই দলের মধ্যকার লড়াই হবে বেশ জমজমাট-এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ