ATN
শিরোনাম
  •  

দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ২ নেতা আটক

         
দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ২ নেতা আটক

দিনাজপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ২ নেতা আটক

দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির দুই নেতাকে হাতেনাতে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। ঘটনায় রোববার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা সদরের খোসালপুর গ্রামের কৃষক আব্দুস সামাদকে রোববার রাতে তাঁর মুরগির খামার থেকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় এনসিপির কয়েকজন নেতা। পরে মোবাইল ফোনে তাঁর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে ৪ লাখ টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়ে রাজি হয়ে সোমবার বিকেলে বড়মাঠের মাইক্রোবাস স্ট্যান্ডে টাকা নিয়ে আসতে তাঁর ছেলেকে বলা হয়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বড়মাঠের মাইক্রোবাস স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারের ভেতর থেকে আহত অবস্থায় আব্দুস সামাদকে উদ্ধার করা হয়। একই সঙ্গে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ মুন এবং জেলা কমিটির সদস্য হাসীন ইসরাক মীমকে আটক করা হয়।

পরে থানায় এসে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মিনাজ, প্রেম ও হৃদয় ইসলাম নামে এনসিপির আরও তিন নেতাকে আটক করে পুলিশ।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোতোয়ালী থানায় অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা এনসিপি সমর্থকদের ধাওয়া দিয়ে থানা এলাকা থেকে বের করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানা ভবনে তিন দফায় ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী জানান, অপহরণের শিকার ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ