ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও মিশর, লড়াইটা মেসি-সালাহরও

         
বিশ্বকাপে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও মিশর, লড়াইটা মেসি-সালাহরও

বিশ্বকাপে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও মিশর, লড়াইটা মেসি-সালাহরও

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে আজ রাত ১০টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে মিশরের। এই লড়াইয়ের মাঝেই রয়েছে দুই ফুটবলারের শেষের শুরুর এক ট্র্যাজিক মহাকাব্য! লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহ—দুজনের জন্যই বিশ্বমঞ্চের শেষ অধ্যায় হতে পারে এই ম্যাচ। একজনের লক্ষ্য বিশ্বকাপ ধরে রাখা, অন্য জনের স্বপ্ন ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় রূপকথা তৈরি করা।

লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহ। একজন বিশ্ব ফুটবলের মহাতারকা, আরেকজন মিসরের ‘কিং’ হিসেবে পরিচিত। আজ আটলান্টায় আর্জেন্টিনা-মিসরের শেষ ষোলোর লড়াই, যে লড়াইয়ের মাঝে লুকিয়ে মেসি বনাম সালাহ দ্বৈরথও।

শেষ ষোলো টপকাতে দুই দলই তাকিয়ে থাকবে নিজেদের সবচেয়ে বড় তারকার দিকে। দুজনেরই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের শুরু। ৩৯ বছর বয়সী মেসি সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলছেন। অন্যদিকে ৩৪ বছর বয়সী সালাহরও এটি শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েও আলোচনা চলছে। ফলে দুজনের জন্যই এই লড়াইয়ের আবেগ অন্যরকম।

তবে দুজন দাঁড়িয়ে আছেন দুই ভিন্ন বাস্তবতায়। মেসির আর্জেন্টিনার লক্ষ্য বিশ্বকাপের শিরোপা ধরে রাখা। আর সালাহর মিসরের স্বপ্ন ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য অর্জন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমাসহ সব বড় ট্রফিই আছে মেসির ঝুলিতে। অন্যদিকে সালাহর ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা নেই। দুইবার আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেও রানার্সআপ হতে হয়েছে তার দলকে। তবে দেশের ফুটবলের সবচেয়ে বড় অনুপ্রেরণা তিনিই।

দুই তারকার খেলার ধরন ভিন্ন। মেসি খেলেন যেন সময়কে থামিয়ে দিয়ে। নিখুঁত পাস, হঠাৎ গতি বদল আর এক মুহূর্তের জাদুতে ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। অন্যদিকে সালাহর শক্তি গতি, ধারালো কাট-ইন আর গোলের ক্ষুধা। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম ভয়ংকর ফরোয়ার্ডে পরিণত করেছে। এই ম্যাচে কাগজে-কলমে এগিয়ে অবশ্যই আর্জেন্টিনা। অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং বড় ম্যাচে খেলার অভ্যাস—সব দিক থেকেই বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে। কিন্তু নক আউটে এক মুহূর্তেই সব কিছু বদলে যেতে পারে। ম্যাচটি শুধু দুই দলের টিকে থাকার লড়াই নয়, ফুটবলের দুই তারকার আরেকটি স্মরণীয় অধ্যায়ের অপেক্ষাও।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ