ATN
শিরোনাম
  •  

ফ্রান্সে ভয়াবহ দাবানল, দুই দিনে পুড়েছে প্রায় ৪৯০০ হেক্টর বনভূমি

         
ফ্রান্সে ভয়াবহ দাবানল, দুই দিনে পুড়েছে প্রায় ৪৯০০ হেক্টর বনভূমি

ফ্রান্সে ভয়াবহ দাবানল, দুই দিনে পুড়েছে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর বনভূমি

তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত প্রায় দুই দিনে আগুনে পুড়ে গেছে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর (প্রায় ১২ হাজার ১০০ একর) বনাঞ্চল।

মঙ্গলবার (৭ জুলাই) ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ দমকলকর্মী কাজ করছেন। এছাড়া আগুনের ঝুঁকিতে থাকা এলাকা থেকে ১২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

পিরেনিস-ওরিয়েন্তালিস বিভাগের প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমান পরিস্থিতিতে দ্রুত এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও তারা আশা করছেন না।

বিভাগটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের প্রধান কর্নেল এরিক বেলগিওনিও বিএফএম টিভিকে বলেন, “আমরা আশা করছি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে। তবে দাবানলের বর্তমান বিস্তার দেখে মনে হচ্ছে, খুব শিগগিরই সেটি সম্ভব হবে না।”

গত ২০ জুন থেকে ফ্রান্সজুড়ে তাপপ্রবাহ চলছে। বর্তমানে দেশটির ৬১টি বিভাগে দৈনিক তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় পারদ উঠছে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

এরিক বেলগিওনিও আরও বলেন, “এ মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো দাবানল যাতে আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।”

সূত্র: আনাদোলু এজেন্সি

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ