ATN
শিরোনাম
  •  

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, দুর্ভোগে নগরবাসী

         
টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী, দুর্ভোগে নগরবাসী

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী

টানা তিন দিনের ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল। পাহাড়ি ঢল ও কর্ণফুলী নদীর জোয়ারের প্রভাবে নগরের একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জনজীবন ও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে আমবাগান এলাকায় রেকর্ড হয়েছে ২৫৯ মিলিমিটার বৃষ্টিপাত। সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। পাশাপাশি ভারী বর্ষণের কারণে পাহাড়ধস ও জলাবদ্ধতার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টিতে পতেঙ্গা, আগ্রাবাদ, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, মোহরা ও হালিশহরসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়কে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে অফিসগামী মানুষ, বিমানবন্দরগামী যাত্রী এবং দিনমজুরদের ভোগান্তি বেড়েছে। জলাবদ্ধতার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন জানিয়েছে, পাহাড়ি ঢলের কারণে দ্রুত পানি নামতে পারছে না। তবে ড্রেন ও নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে, সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৃষ্টি কমে এলে পানি দ্রুত নেমে যাবে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ