ATN
শিরোনাম
  •  

লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প, শাস্তি প্রত্যাহারের দাবি নয়

         
লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প, শাস্তি প্রত্যাহারের দাবি নয়

বালোগুনের লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প, শাস্তি প্রত্যাহারের দাবি নয়

মার্কিন তারকা স্ট্রাইকার ফোলারিন বালোগুনকে দেখানো ‘ভয়াবহ’ লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেন, বালোগুনের শাস্তি প্রত্যাহারের জন্য তিনি কোনো অনুরোধ করেননি।

সোমবার (৬ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি শুধু রেফারির সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। তার ভাষায়, ‘আমি শুধু বলেছি সিদ্ধান্তটি আবার দেখা উচিত। এটি পরিবর্তন করতেই হবে—এমন কোনো কথা বলিনি।’

এএফপির খবরে বলা হয়, ট্রাম্পের মতে, ঘটনাটি কোনোভাবেই ফাউলের পর্যায়ে পড়ে না। তিনি বলেন, দুই খেলোয়াড়ই সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছিলেন এবং ঘটনাক্রমে একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। নিজের ক্রীড়া-জ্ঞান নিয়েও মন্তব্য করে তিনি বলেন, ‘আমি খেলাধুলা খুব ভালো বুঝি।’

ট্রাম্প আরও জানান, প্রথমে তিনি জানতেন না যে সরাসরি লাল কার্ড পাওয়ায় বালোগুন স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। এ নিয়মকে তিনি ‘খুবই অন্যায্য’ বলে অভিহিত করেন।

এ সময় লাল কার্ড দেখানো ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, রেফারির অতীত রেকর্ড পর্যালোচনা করলে তাকে কিছুটা ‘সন্দেহজনক’ মনে হতে পারে।

বসনিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ের ওপর পা দেওয়ার ঘটনায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। যদিও ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে জয় পায়। নিয়ম অনুযায়ী, বালোগুনের সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে না খেলার কথা ছিল।

ফিফার বিধি অনুযায়ী, সরাসরি লাল কার্ড পেলে খেলোয়াড়কে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয় এবং এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট দল আপিল করতে পারে না।

তবে ফিফা রোববার জানায়, ট্রাম্পের ব্যক্তিগত ফোনকলের পর বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের পূর্ণ শক্তির দল থাকবে, বেলজিয়ামেরও পূর্ণ শক্তির দল থাকবে। এরপরও যদি তারা আমাদের হারাতে পারে, তাহলে তারা সত্যিই গর্ব করতে পারবে।’

পরে তিনি আরও বলেন, ‘অন্যভাবে যদি তারা জেতে, তাহলে আমি বলব, এটা কারচুপি ছিল—ঠিক যেমন ২০২০ সালের নির্বাচনেও কারচুপি হয়েছিল।’ এ সময় তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর তোলা ভোট জালিয়াতির অভিযোগেরও পুনরাবৃত্তি করেন। যদিও সে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বেলজিয়ামের ফুটবল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ সিদ্ধান্তে তারা ‘স্তম্ভিত’ এবং এটি ফিফার নিজস্ব নিয়মের ‘সরাসরি পরিপন্থী’।

চলতি টুর্নামেন্টে তিন গোল করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা বালোগুন। দলের সাফল্যে তার গুরুত্বপূর্ণ অবদান থাকায় বেলজিয়ামের বিপক্ষে তার সম্ভাব্য অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারত।

ফিফার শৃঙ্খলা কমিটিই বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ