ATN
শিরোনাম
  •  

ব্রাজিলকে বড় ফেবারিট মানছেন না নরওয়ে কোচ, আত্মবিশ্বাসী সোলবাকেন

         
ব্রাজিলকে বড় ফেবারিট মানছেন না নরওয়ে কোচ, আত্মবিশ্বাসী সোলবাকেন

ব্রাজিলকে বড় ফেবারিট মানছেন না নরওয়ে কোচ, আত্মবিশ্বাসী সোলবাকেন

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ ষোলোতেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে নরওয়ে। রাতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্রাজিলের মুখোমুখি হবে ইউরোপের দলটি। তবে প্রতিপক্ষকে নিয়ে কোনো ধরনের ভয় বা অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন না নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেন। তার মতে, বর্তমান ব্রাজিল আগের মতো অপ্রতিরোধ্য দল নয়।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোলবাকেন বলেন, ‘আমি মনে করি না, ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেবারিট, যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা দীর্ঘ সময় ধরে ভালো ছন্দে আছি। আমাদের দারুণ আত্মবিশ্বাস আছে, খেলার ভালো একটা ধরন আছে। আমি মনে করি, এগুলো আমাদের সাহায্য করবে।’

নরওয়ে কোচের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে পরিসংখ্যানও। এখন পর্যন্ত দুইবারের দেখায় প্রতিবারই ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে সেলেসাওদের ২-১ গোলে পরাজিত করেছিল ইউরোপের দেশটি। এবারও বিশ্বকাপে প্রত্যাবর্তনের মঞ্চে ব্রাজিলকে চমকে দেওয়ার লক্ষ্য তাদের।

সোলবাকেন বলেন, ‘আমার মনে হয়, হলান্ডকে সহযোগিতা করার এবং তাকে বলের জোগান দেওয়ার পথ খুঁজে পেয়েছি আমরা। আমরা এমন একটি দল, যারা ব্রাজিলের জন্য অপেক্ষা করে খেলতে পারি না, কারণ আমরা আক্রমণাত্মক মানসিকতার দল। ব্রাজিলের বিপক্ষে ৯০ কিংবা ১২০ মিনিটের ম্যাচে স্বল্প বা দীর্ঘ সময় রক্ষণ সামলাতে হতে পারে। সেই সময়ও আমাদের সেরা পর্যায়ে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী নয়, আমাদের নিজেদের খেলাটাই খেলতে হবে। উপলক্ষ্য দেখে নয়, সহজাত ফুটবল খেলাই আমাদের লক্ষ্য।’

নিজেদের কৌশল নিয়েও কথা বলেন নরওয়ের এই কোচ। তার ভাষায়, ‘লেফট ও রাইট ব্যাক খুবই গুরুত্বপূর্ণ। তবে দুই উইং ব্যাককে সহায়তা করাও সমান জরুরি, যাতে তারা একা একা প্রতিপক্ষের মুখোমুখি না হয়। আমরা আশা করি, জোন ধরে খেলার কৌশল বজায় রাখতে পারব। তাহলে রক্ষণে যে-ই থাকুক না কেন, পাশে সতীর্থের সহযোগিতা পাবে।’

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ