ATN
শিরোনাম
  •  

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, ‘দেবশু ৭’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস

         
আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, ‘দেবশু ৭’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস

আবারও একসঙ্গে দেব-শুভশ্রী, ‘দেবশু ৭’ ঘিরে দর্শকদের উচ্ছ্বাস

দীর্ঘদিনের দূরত্ব ও অতীতের সব অভিমান পেছনে ফেলে আবারও পেশাদার কাজে এক হচ্ছেন টালিউডের জনপ্রিয় দুই তারকা দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ‘দেবশু ৭’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ‘পাগলু’ খ্যাত অভিনেতা দেবের। আর তার পরিচালনাতেই অভিনয় করবেন শুভশ্রী গাঙ্গুলি।

সিনেমাটিকে ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন এই সমীকরণ দর্শকদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। জানা গেছে, শুভশ্রীকে নিয়ে দেবের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে ‘দেবশু ৭’।

একসময় টালিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটিগুলোর একটি ছিলেন দেব ও শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ এবং ‘খোকাবাবু’র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছিলেন তারা। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন। সেই অধ্যায়ের ইতি টেনে আবারও দেবের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন শুভশ্রী। খুব শিগগিরই ‘দেবশু ৭’-এর শুটিংয়ে অংশ নেবেন তিনি।

এদিকে রোববার (৫ জুলাই) থেকে শুরু হওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শুভশ্রী গাঙ্গুলি। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী।

দেবের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে শুভশ্রী বলেন, এ বিষয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তার ভাষায়, এই বিষয়টি নিয়ে দেবকে কেন্দ্র করে একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি সেটির যোগ্য। এক লাইনে বললে তা যথেষ্ট হবে না।

শুভশ্রী আরও জানান, পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রা এবং তার পরিচালনায় কাজ করা তিনি দারুণ উপভোগ করছেন। একই সঙ্গে সহকর্মী হিসেবে দেবের মেধা ও দক্ষতারও প্রশংসা করেন এই অভিনেত্রী।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ