ATN
শিরোনাম
  •  

নকআউট পর্বে গোল কিপিংয়ে রেকর্ড গড়েছেন অধিনায়ক ভোজিনিয়া

         
নকআউট পর্বে গোল কিপিংয়ে রেকর্ড গড়েছেন অধিনায়ক ভোজিনিয়া

নকআউট পর্বে গোল কিপিংয়ে রেকর্ড গড়েছেন অধিনায়ক ভোজিনিয়া

দল শেষ পর্যন্ত জিততে না পারলেও বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়েছেন কেপ ভার্দের গোলকিপার ও অধিনায়ক ভোজিনিয়া। দুর্দান্ত ৭টি সেভ করে তিনি গড়েছেন নকআউট পর্বে সর্বোচ্চ সেভের রেকর্ড। তার অসাধারণ পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়েই চাপে ছিল আর্জেন্টিনা, আর একাধিকবার হতাশ হতে হয়েছে লিওনেল মেসিকেও। অন্যদিকে, ম্যাচ শেষে কেপ ভার্দের লড়াকু মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

কেপ ভার্দের জাদুতে মুগ্ধ হয়ে গেল গোটা মায়ামি। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে বিশ্বমঞ্চে নতুন এক জাগরণ সৃষ্টি করল ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। সুযোগ পেলে ছোট দেশও যে পরাশক্তিদের কাঁপিয়ে দিতে পারে, তারই উজ্জ্বল প্রমাণ হয়ে থাকবে এই ম্যাচ।

ফুটবলে শেষ পর্যন্ত জয়ই শেষ কথা। লিওনেল মেসি গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। তবু ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। নবাগত একটি দলের ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক দেখিয়ে দিলেন, একজন গোলকিপার একাই কীভাবে নিজের দেশের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারেন।

দলকে জেতাতে কী-ই না করেছেন ভোজিনিয়া! পুরো ম্যাচে তিনি করেছেন ৭টি দুর্দান্ত সেভ। এর মধ্যে ৩টি ছিল পেনাল্টি বক্সের ভেতরে, ২টি বক্সের বাইরে থেকে নেওয়া শট, একটি উঁচু বল নিখুঁতভাবে ধরে ফেলেন এবং আরেকটি বিপজ্জনক শট ঘুষি মেরে প্রতিহত করেন। সবচেয়ে অবাক করা বিষয়, এই ৭টি সেভের ৪টিতেই তিনি হতাশ করেছেন লিওনেল মেসিকে।

শুধু গোলবারের নিচেই নয়, বল বিতরণেও ছিলেন অসাধারণ। তিনি ৩১টি নির্ভুল পাস দেন। পাশাপাশি তার ৪টি সফল লম্বা পাস প্রতিপক্ষের চাপ ভেঙে কেপ ভার্দের পাল্টা আক্রমণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কঠিনতম ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সরল স্বীকারোক্তি। ‘আমরা জানতাম এটা কঠিন হবে; এটা একটা নকআউট টুর্নামেন্ট এবং এখানে কেউ আপনাকে কোনও কিছু বিনামূল্যে দেবে না।’

এ যেন সত্যিকারের ডেভিড বনাম গোলিয়াথের লড়াই। কিন্তু ফুটবলের সবুজ মাঠে নাম-খ্যাতির কোনো মূল্য নেই; সেখানে মূল্য আছে সাহস, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতার। কেপ ভার্দে, ভোজিনিয়া-ফুটবল তোমাদের এই লড়াই বহু বছর ধরে মনে রাখবে।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ