ATN
শিরোনাম
  •  

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য : শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

         
জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য : শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য : শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর পক্ষ থেকে অভিযোগটি জমা দেওয়া হয়। পরে পুলিশ সেটিকে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে।

অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা স্বাক্ষর করেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জুলাই আন্দোলনকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে তিনজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি হয়েছে। যেহেতু বিষয়টি সাইবার-সংক্রান্ত, তাই তদন্তের জন্য অভিযোগটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করা হবে।

শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরামের প্রতিনিধি হিসেবে আনম আয়াস, তুহিন ফরাজী ও মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তারা জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, এমনকি গ্রেপ্তারও হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ডিবি দক্ষিণ সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মো. তরিকুল ইসলাম বলেন, শাহবাগ থানা থেকে পাঠানো ফরওয়ার্ডিং চিঠি এখনো তাদের হাতে পৌঁছেনি। নথি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামও জানান, শাহবাগ থানায় শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে সাইবার অপরাধ-সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো সংশ্লিষ্ট নথি তাদের কাছে আসেনি। নথি হাতে এলে আইন অনুযায়ী তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগপত্রে যা বলা হয়েছে

রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা অভিযোগপত্রে উল্লেখ করেন, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারের বেশি আহত বিপ্লবী মানুষের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড ও বক্তব্য দিয়েছেন বলে তারা অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন তার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেয় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

অভিযোগপত্রে রাষ্ট্র সংলাপ ফোরাম সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই সঙ্গে বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ