ATN
শিরোনাম
  •  

বেলুচিস্তানে কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ৩০

         
বেলুচিস্তানে কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ৩০

বেলুচিস্তানে কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বহু মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে বেলুচিস্তানভিত্তিক দৈনিক দ্য বালোচিস্তান পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠন বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। কয়েক দশক আগে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বালোচ এক বিবৃতিতে জানান, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে সংগঠনটির সশস্ত্র শাখা মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালোচ বিস্ফোরকবোঝাই একটি লাদেন মাজদা ট্রাক নিয়ে কোস্টগার্ড ছাউনির ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটান।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। জিয়ান্দ বালোচের ভাষ্য, “শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে ঔপনিবেশিক শাসকগোষ্ঠীর (পাকিস্তান) সেই সুরক্ষিত শিবির সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

তিনি দাবি করেন, বিস্ফোরণের আগেই বিএলএ’র ফাতেহ স্কোয়াডের সদস্যরা ছাউনির আশপাশে গোপনে অবস্থান নিয়েছিলেন। বিস্ফোরণের পর তারা ছাউনিতে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।

এ হামলার ৪৩ সেকেন্ডের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে বিএলএ’র মিডিয়া চ্যানেল হাক্কাল। ভিডিওতে বিস্ফোরণের ঠিক আগে বিস্ফোরকবোঝাই ট্রাকটি কোস্টগার্ড ছাউনিতে প্রবেশ করতে দেখা যায়।

বিএলএ তাদের বিবৃতিতে দাবি করেছে, সম্প্রতি বেলুচিস্তানের বিভিন্ন জেলায় সংগঠনটির বিরুদ্ধে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর জোরদার অভিযানের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: দ্য বালোচিস্তান পোস্ট, ইন্ডিয়া টুডে

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ