ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচ নাগেলসম্যানের পদত্যাগ

         
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচ নাগেলসম্যানের পদত্যাগ

বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মানির কোচ নাগেলসম্যানের পদত্যাগ

চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। টুর্নামেন্টে দলের হতাশাজনক পারফরম্যান্সের দায় নিয়ে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসম্যান।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) এক বিবৃতিতে নাগেলসম্যানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৮ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পর্যন্ত জার্মানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নাগেলসম্যান। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য মোটেও সহজ ছিল না। দলের সাফল্যই সবসময় আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে। এমন চরম হতাশাজনক অভিজ্ঞতার পর দলটির নতুন করে শুরু করার সুযোগ পাওয়া উচিত।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের হতাশ করেছি এবং এই বিশ্বকাপে আর কোনো ফুটবল-উচ্ছ্বাসের রাত উপহার দিতে পারবো না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ব্যথিত।’

নাগেলসম্যানের বিদায়ের পর জার্মানির নতুন প্রধান কোচ হিসেবে জার্গেন ক্লপের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন পরবর্তী কোচ হিসেবে তাঁকে নিয়োগ দিতে আগ্রহী বলে জানা গেছে।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি হার নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল জার্মানি। সোমবার বোস্টনে অনুষ্ঠিত নকআউট পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় জার্মানদের।

এর আগে ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ