ATN
শিরোনাম
  •  

সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিন বৃষ্টির আভাস

         
সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিন বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বিরূপ আবহাওয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলের কাছে অবস্থান করছে। এটি নিম্নচাপে পরিণত হলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। শনিবার সন্ধ্যার পর থেকে কিছু এলাকায় বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে এর প্রভাব সারা দেশে আরও স্পষ্ট হতে পারে।

তিনি আরও জানান, সম্ভাব্য নিম্নচাপের কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি এবং কোথাও কোথাও স্বল্পমেয়াদি তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আভাস দেওয়া হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ