ATN
শিরোনাম
  •  

লাল কার্ডের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্রের দাপুটে জয়

         
লাল কার্ডের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্রের দাপুটে জয়

লাল কার্ডের ধাক্কা সামলে যুক্তরাষ্ট্রের দাপুটে জয়

শেষ বত্রিশের দশম ম্যাচে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। যেখানে টুর্নামেন্টের সহ-আয়োজকদের প্রতিপক্ষ নাটকীয়ভাবে সেনেগালকে বিদায় করা বেলজিয়াম।

সান ফ্রান্সিসকোয় জয় ছাড়া ভিন্ন কিছু ভাবনায় ছিল না যুক্তরাষ্ট্রের। শুরু থেকেই বসনিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ। মাঠজুড়ে দাপট, বলের নিয়ন্ত্রণ আর গোলের ক্ষুধা- সবকিছুতেই এগিয়ে ছিল স্বাগতিকরা। শুধু পাচ্ছিল না কাঙ্খিত গোল।

অপেক্ষার অবসান হয় প্রথমার্ধের শেষ মুহূর্তে। ম্যাচের ৪৫তম মিনিটে ফ্লোরিয়ান বালোগানের পায়ে আসে কাঙ্ক্ষিত গোল। মালিক টিলম্যানের বাড়ানো বল বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে পৌঁছে যায় বালোগানের সামনে। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি এই মার্কিন স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে আসে নাটকীয় মোড়। ম্যাচের ৬৫তম মিনিটে দশজনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। গোলদাতা বালোগানকে দেখতে হয় লাল কার্ডের মুখ। উড়ে আসা বল নিয়ন্ত্রণের লড়াইয়ে বসনিয়ার মুহারোমোভিচের পায়ে পেছন থেকে আঘাত করেন তিনি। ভিএআর পর্যালোচনা দেখা যায়- ফাউলটি ছিল বিপজ্জনক, তাই মাঠ ছাড়তে হয় বালোগানকে।

দশজন নিয়েও থামেনি যুক্তরাষ্ট্রের লড়াই। বরং শেষ মুহূর্তে আরও একবার জ্বলে ওঠে তাদের আক্রমণভাগ। ম্যাচের ৮২তম মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন মালিক টিলম্যান। ব্যবধান বাড়ে ২-০।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের জয়। প্রতিকূল পরিস্থিতি, একজন কম খেলোয়াড়- সব বাধা পেরিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় স্বাগতিকরা।

রিপোর্ট : ই/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ