ATN
শিরোনাম
  •  

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন

         
দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত এবং ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সচেতন নাগরিকরা।

মানববন্ধনে দক্ষিণাঞ্চলের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা সমুদ্রবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কৃষি ও মৎস্য খাতের জন্য বিশেষ বরাদ্দ, উপকূলীয় অঞ্চলের টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ নিশ্চিত করা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কুয়াকাটা উন্নয়ন ফোরামের আহ্বায়ক আব্দুল আজিজ মুসুল্লি, মুখপাত্র মতিউর রহমান হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নান, কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, বিএনপি নেতা অ্যাডভোকেট খোন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। একই সঙ্গে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের জন্য উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই দ্রুত জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ সংযোজন এবং উত্থাপিত ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

রিপোর্ট : অ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ