ATN
শিরোনাম
  •  

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

         
ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে তিন বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের একটি উদ্ধারকারী দল তাকে উদ্ধার করেছে। বুধবার (১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে টেনে বের করে আনছেন উদ্ধারকারীরা। এ সময় তারা উল্লাসে ফেটে পড়েন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, শিশুটির নাম ক্লিবার মোরান। তিনি এ ঘটনাকে আশার আলো হিসেবে অভিহিত করেছেন।

দেশটিতে গত বুধবার ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ১০ হাজার মানুষ আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘ সতর্ক করেছে, এই মুহূর্তে ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের প্রয়োজন। নাসার স্যাটেলাইট তথ্যের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্লিবারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বলেন, রাজধানী কারাকাসে তার চিকিৎসা চলছে।

যেকোনো ভূমিকম্পের পর প্রাথমিক তিন দিন বা ৭২ ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময়ের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপর ধীরে ধীরে সেই সম্ভাবনা কমতে থাকে।

লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম। সেখানে অনেক স্থানীয় বাসিন্দা নিজেরাই উদ্ধারকাজ চালানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, লা গুয়াইরায় ব্যাপক খাদ্যসংকট দেখা দিয়েছে। এলাকাটিতে মৌলিক সেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা বহুলাংশে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, আগামী ছয় মাসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার মানুষের জন্য সুরক্ষা, মৌলিক ত্রাণসামগ্রী ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রাথমিকভাবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

সূত্র: বিবিসি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ