ATN
শিরোনাম
  •  

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

         
নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, ৩৭ শিক্ষার্থী নিখোঁজ

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায়। শহরটিতে কয়েক বছর ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী তৎপরতা চালিয়ে আসছে।

মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পরীক্ষা চলাকালে গোষ্ঠীটি বিদ্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় এখনও অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, সশস্ত্র এ হামলায় এক সেনাসদস্য ও এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যে সেনাবাহিনী জানিয়েছে, কর্তৃপক্ষ ১০ জনকে উদ্ধার করেছে। এ ঘটনায় একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।

এলাকার স্থানীয় সরকার কাউন্সিলর ইজাগলা ইজাবিলা সাংবাদিকদের সঙ্গে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা শেয়ার করে নিয়েছেন। তালিকায় শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে। একটি গোয়েন্দা সূত্রও এএফপিকে একই তালিকা দেখিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী লাওয়ান আব্বা ওয়াকিলবে লাসায় সাংবাদিকদের বলেছেন, এখনও ২৫ ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মুক্তিপণের জন্য অপহরণ দেশটির সংঘাত-কবলিত উত্তর ও মধ্যাঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় শিক্ষার্থীদেরই লক্ষ্যবস্তু করা হয়।

২০১৪ সালে বোকো হারামের সদস্যরা চিবোক শহর থেকে শত শত স্কুলছাত্রীকে অপহরণ করে। ঘটনাটি নাইজেরিয়ার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত অপহরণের অন্যতম হিসেবে পরিচিত। বর্তমানে দেশজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপহরণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।

গত মে মাসে বন্দুকধারীরা বোরনো রাজ্যের মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করে। তাদের এখনও মুক্তি দেওয়া হয়নি।

একই মাসে সশস্ত্র ব্যক্তিরা ওয়ো রাজ্যের তিনটি স্কুল থেকে কয়েক ডজন শিক্ষার্থীকে অপহরণ করে। অঞ্চলটি দেশটির অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় এ ধরনের হামলা বিরল।

নাইজেরিয়া ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করে আসছে। গত এক দশকে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও গত বছর থেকে হামলার সংখ্যা আবারও বেড়েছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ