ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপে পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান ফুটবল ফেডারেশন

         
বিশ্বকাপে পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান ফুটবল ফেডারেশন

বিশ্বকাপে পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ইরান ফুটবল ফেডারেশন

এবারের বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশি ফুটবল সমর্থকদের উন্মাদনা আর ভালোবাসা ছুঁয়ে গেল ইরানকে! ‘টিম ইরান’-এর প্রতি লাল-সবুজের দর্শকদের এমন নিঃশর্ত সমর্থনে মুগ্ধ হয়ে, বাংলাদেশের মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

সম্প্রতি বাংলাদেশের কৃতি রেফারি রুবাই হাসানের কাছে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোমবেয়নি। সেই বার্তায় তিনি পুরো ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলপ্রেমী জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি লিখেছেন, "বিশ্বকাপজুড়ে 'টিম ইরান'-এর প্রতি বাংলাদেশের মানুষের অবিচল সমর্থন, উৎসাহ এবং সদয় ভালোবাসা আমাদের গভীরভাবে আপ্লুত করেছে, যা আমরা সবসময় মনে রাখব।"

ছবি
ইরান ফুটবল ফেডারেশন আশা প্রকাশ করে যে, ফুটবল দুটি দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং সংহতির সেতু হিসেবে কাজ করবে এবং ইরান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। রেফারি রুবাই হাসানের মাধ্যমে পাঠানো ইরানের এই ভালোবাসার বার্তা ক্রীড়াঙ্গনে দুই দেশের মৈত্রীতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

২০২২ সালে হেদায়েত মোমবেয়নি ঢাকায় এসেছিলেন। সেবার তার সঙ্গে পরিচয় হয় রেফারি রুবাই হাসানের। বাংলাদেশে সেবার এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের রেফারি অ্যাসেসর ছিলেন হেদায়েত মোমবেয়নি। সেই সূত্র ধরেই এবার বিশ্বকাপে বাংলাদেশের দর্শকদের ইরানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে এই কৃতজ্ঞতা জানান তিনি।

চলতি বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি ইরান। মাঠের লড়াইয়ে পরাশক্তিদের রুখে দিয়েও কেবল 'ভিএআর'বিতর্ক আর পয়েন্ট টেবিলের জটিল অঙ্কে পড়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইরানকে! গ্রুপ 'জি'-তে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর, শেষ ম্যাচে মিশরের মুখোমুখি হয়েছিল ইরান।

সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। রামিন রেজাইআনের গোলে সমতায় ফেরার পর, ম্যাচের যোগ করা সময়ে শোজা খলিলজাদেহ বল জালে পাঠালে উৎসবে মেতে ওঠে পুরো ইরান দল। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মুহূর্ত। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চেক করে দেখা যায়, খলিলজাদেহর পায়ের আঙুলটি সামান্য একটু এগিয়ে ছিল, যার ফলে গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়! ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় গ্রুপ পর্বের ৩টি ম্যাচই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শেষ করে ইরান। ৩ পয়েন্ট পাওয়ার পরও ইরানের আশা টিকে ছিল সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার। কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি। অন্য গ্রুপে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলে সব সমীকরণ ওলটপালট হয়ে যায় এবং সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইরান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ