ATN
শিরোনাম
  •  

জাপান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

         
জাপান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল

জাপান ম্যাচের আগে আত্মবিশ্বাসী মারকুইনহোস

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে আজ রাতে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনহোস বলেছেন, তার দল প্রতিনিয়ত উন্নতি করছে এবং আগের চেয়ে অনেক বেশি পরিণত ও শক্তিশালী হয়ে উঠেছে।

গত অক্টোবরে একটি প্রীতি ম্যাচে নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার দলটির বিপক্ষে ইতিহাসে প্রথম জয় তুলে নেয় জাপান।

ওই জয়ের সঙ্গে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারানোর সাফল্য যোগ হওয়ায় উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে জাপানকে সম্ভাব্য চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হিউস্টনে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে শেষ-১৬-এর টিকিট। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন ৩২ বছর বয়সী প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) এই ডিফেন্ডার। তার মতে, প্রীতি ম্যাচের হার থেকে ব্রাজিল গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে।

মারকুইনহোস বলেন, ‘আমি মনে করি, ওই ম্যাচটি আমাদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল। গত কয়েক বছরে আমরা যা কিছু পার করেছি, সবকিছুই আমাদের বিশ্বকাপের এই মুহূর্তে নিয়ে এসেছে। প্রতিটি অভিজ্ঞতাই আমাদের শেখার সুযোগ করে দিয়েছে। ওই ম্যাচটি ছিল আমাদের জন্য একটি পরীক্ষা, আর আমাদের কোচ সেখানে যা দেখার প্রয়োজন ছিল, তা দেখতে পেরেছেন। এরপর থেকে আমরা অনেক উন্নতি করেছি। দল হিসেবে আমরা অনেক বদলেছি। অনেক সমন্বয় করা হয়েছে এবং শেষ কয়েকটি ম্যাচে আমরা অনেক বেশি পরিণত দল হিসেবে খেলছি।’

তিনি অভিজ্ঞ ইতালীয় কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে বলেন, ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপাজয়ী এই কোচ দলে স্থিতিশীলতা ও কৌশলগত দক্ষতা এনে দিয়েছেন।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করা ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফেরে সেলেসাওরা।

মারকুইনহোসের মতে, ব্রাজিল ধীরে ধীরে টুর্নামেন্টে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাচ্ছে। মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার পর দল আরও পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলাটা সবসময়ই গর্বের বিষয়। শুরুর দিকে আমরা একসঙ্গে ঠিকভাবে খেলতে পারছিলাম না। পরে আমাদের কোচ যেসব পরিবর্তন করেছেন, সেগুলো দারুণ কাজে দিয়েছে।’

আনচেলত্তিকে নিয়ে তিনি আরও বলেন, ‘তিনি অত্যন্ত বুদ্ধিমান একজন কোচ। খেলোয়াড়দের কীভাবে আরও উন্নত করা যায়, সেটা তিনি খুব ভালো জানেন।’

গত বছরের মে মাসে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার আগে দলে কিছুটা অস্থিরতা ছিল বলেও উল্লেখ করেন মারকুইনহোস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন সবকিছু ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা জানি, আমাদের দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, আর আমাদের একজন অসাধারণ কোচও আছেন।’

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ