ATN
শিরোনাম
  •  

ভালো কিছু অর্জিত হলে সেটি দেশের মানুষের অর্জন: সংসদে প্রধানমন্ত্রী

         
ভালো কিছু অর্জিত হলে সেটি দেশের মানুষের অর্জন: সংসদে প্রধানমন্ত্রী

ভালো কিছু অর্জিত হলে সেটি দেশের মানুষের অর্জন: সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের স্বার্থ রক্ষা করাই ছিল তাঁর সফরের মূল লক্ষ্য। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার। এখানে আমাদের কারোরই ব্যক্তিগত কোনো বিষয় নেই।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটির সমর্থনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তবে প্রস্তাব গৃহীত হওয়ার সময় সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১টার কিছু আগে প্রধানমন্ত্রী সংসদে প্রবেশ করলে স্পিকার তাঁকে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি অবহিত করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দলের সদস্যরা আপনার সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের প্রশংসা করে এই সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস করেছেন। তাঁদের মতে, এ সফরের মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এ জন্য সংসদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ সরকারকে তাঁদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। ‘আমাদের দলের একটি স্লোগান হচ্ছে— বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। সেই নীতিকে সামনে রেখেই আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আমার অবস্থান থেকে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি ভালো কোনো অর্জন হয়ে থাকে, সেটি বাংলাদেশের অর্জন। আর এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো উপকার হয়ে থাকে, সেটিও দেশের মানুষের অর্জন।

দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতা দেওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ