ATN
শিরোনাম
  •  

বেইজিংয়ের ১০৯ তলা সিটিক টাওয়ারে ছোট বিমান বিধ্বস্ত

         
বেইজিংয়ের ১০৯ তলা সিটিক টাওয়ারে ছোট বিমান বিধ্বস্ত

বেইজিংয়ের ১০৯ তলা সিটিক টাওয়ারে ছোট বিমান বিধ্বস্ত

চীনের রাজধানী বেইজিংয়ে ১০৯ তলা বিশিষ্ট সর্বোচ্চ উঁচু ভবন সিটিক টাওয়ারে (চায়না জুন) একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ভবনে অবস্থানরত মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দুর্ঘটনার পরপরই ভবনটি থেকে লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক গাড়ি, পুলিশ এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিটিক টাওয়ারে আঘাত হানার পর ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। ঘটনাস্থলে বিমানের লেজের একটি অংশ এবং নিচে থাকা একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালাও দেখা গেছে।

সিএনএন জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমানটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহত হওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড্ডয়ন করেছিল কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে—এসব বিষয়ও এখনো অজানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিমানের নিবন্ধন নম্বর বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এটি চীনে তৈরি সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা মডেলের একটি হালকা স্পোর্টস বিমান। বিমানটি একটি স্থানীয় জেনারেল এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বলেও ধারণা করা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক রুট থেকে বিচ্যুত হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের ১ মে থেকে কার্যকর হওয়া নতুন বিধিনিষেধের আওতায় সরকারি অনুমতি ছাড়া বেইজিংয়ে ড্রোন কেনা, ভাড়া নেওয়া কিংবা ওড়ানো কার্যত নিষিদ্ধ।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ