ATN
শিরোনাম
  •  

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস

         
২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস

২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস

ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র তিন মিনিটেই গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন অ্যাস্টন ট্রাস্টি। তবে এই গোলটি শুধু ম্যাচের জন্যই নয়, বিশ্বকাপের ইতিহাসেও বিশেষ গুরুত্ব বহন করছে।

ট্রাস্টির এই গোলের মধ্য দিয়েই ২০২৬ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে ওঠে। এটি ছিল চলতি আসরের ১৭৩তম গোল, যা ২০২২ সালে কাতার বিশ্বকাপে হওয়া ১৭২ গোলের আগের রেকর্ডকে ছাড়িয়ে যায়।

এরপর ম্যাচে আরও চারটি গোল হয়। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় তুরস্ক। ফলে চলতি আসরে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭৭। ৫৯তম ম্যাচেই নতুন এই রেকর্ড গড়া হলেও ৬০তম ম্যাচে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের গোলশূন্য ড্রয়ের কারণে গোলসংখ্যায় আর কোনো পরিবর্তন আসেনি।

২০২২ সালের কাতার বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচে ১৭২ গোল হয়েছিল। অন্যদিকে ২০২৬ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪, যা কাতার আসরের তুলনায় ৪০টি বেশি।

চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০টি করে গোল করেছে জার্মানি ও নেদারল্যান্ডস। ৮টি করে গোল করেছে কানাডা ও যুক্তরাষ্ট্র। এছাড়া সুইজারল্যান্ড, ব্রাজিল, জাপান, সুইডেন ও নরওয়ে প্রত্যেকেই করেছে ৭টি করে গোল।

বিশ্বকাপে গোলবন্যার এই রেকর্ড নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি লিখেছেন, “কাতারে গড়া আগের ১৭২ গোলের রেকর্ড ভেঙে যাওয়া ২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চকর ও আক্রমণাত্মক ফুটবলেরই প্রমাণ, যা এই আসরকে স্মরণীয় করে তুলেছে।”

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ