ATN
শিরোনাম
  •  

সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে : টিআইবি

         
সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে : টিআইবি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে : টিআইবি

২০২৩ সালের তুলনায় গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে, দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫ অনুযায়ী, এ সময়ে সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। যা ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ প্রকাশ করেছে। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই জরিপ প্রকাশ করা হয়।

বাংলাদেশের খানাগুলোর সেবাগ্রহণে অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন সেবাখাতে দুর্নীতির প্রকৃতি ও মাত্রা নিরূপণে নভেম্বর ২০২৪ থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে, দেশের ১৮টি খাত ও সেবার ওপর পরিচালিত হয় এই জরিপ।

টিআইবি জানায়, ২০২৫ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি টাকা। ২০২৩ সালের জরিপে আওতাভুক্ত সেবাখাতের তুলনায় যা সার্বিকভাবে বেড়েছে। এরমধ্যে বিচার সংশ্লিষ্ট সেবা, ব্যাংকিং ও ভূমি খাতে ঘুষের পরিমাণ সবেচেয়ে বেশি।

জরিপ অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে জাতীয়ভাবে দুর্নীতির শিকার হওয়া খানার হার প্রায় ১৫ শতাংশ এবং ঘুষের শিকার হওয়া খানার হার প্রায় ২৫ শতাংশ বেড়েছে। আগের জরিপের মতো এবারও পাসপোর্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ঘুষ প্রদানের শিকার হয়েছেন।

টিআইবির পর্যবেক্ষণে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার সংশ্লিষ্ট সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার এখনো অব্যাহত আছে, যা সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে। একইসঙ্গে কৃষি, স্থানীয় সরকার, ভূমি, শিক্ষা, স্বাস্থ্যের মতো জনগুরুত্বপূর্ণ খাতেও দুর্নীতি ও ঘুষের প্রবণতা বেড়েছে বা আগের মতোই রয়ে গেছে। ঘুষের শিকার হওয়ার হার, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বেশি।

দুর্নীতির প্রতিকার ও প্রতিরোধে দুদককে আরও কার্যকরী করা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া, ডিজিটাল লিটারেসি বাড়ানোসহ ১০ দফা সুপারিশ করেছে টিআইবি।

রিপোর্ট : স. আ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ