ATN
শিরোনাম
  •  

শিগগিরই চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

         
শিগগিরই চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই চীনে ‘বিনিয়োগ কার্যালয়’ খুলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে যাচ্ছি।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে চীনের ব্যবসায়ীদের উদ্দেশে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ দিনেরও কম সময়ের মধ্যে সরকার বিদেশীদের ব্যবসা করার অনুমোদন দিতে যাচ্ছে। বিনিয়োগকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন আরও সহজে, আত্মবিশ্বাসের সাথে এবং স্বচ্ছতার সাথে বাংলাদেশে ব্যবসা করতে পারে তা নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। তিনি চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের আহ্বান জানান।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার হবে ১ ট্রিলিয়ন ডলার। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের নবম অর্থনীতির দেশ, যা জার্মানি ও যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে। এমন বাস্তবতায়, বেইজিংয়ে বিডা আয়োজন করে ইনভেস্ট বাংলাদেশ অনুষ্ঠান। এতে অংশ নেন চীনের ব্যবসায়ীরা। বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত। বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী।

তিনি জানান, বাজেটে নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি-প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পে প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করা হয়েছে। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চীন যখন সাফল্যের শিখরে উঠবে, তখন উৎপাদন ব্যবস্থার বিভিন্ন অংশ নতুন, প্রতিযোগিতামূলক এবং বিশ্বস্ত স্থানের সন্ধান করবে। বাংলাদেশ সেই স্থানগুলোর মধ্যে একটি হতে পারে। আমরা চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালু চেইন সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ