ATN
শিরোনাম
  •  

জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির, বিশ্রাম পেতে পারেন মেসিও

         
জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির, বিশ্রাম পেতে পারেন মেসিও

জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির, বিশ্রাম পেতে পারেন মেসিও

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল ৮টা (৮টা মিনিটে) শুরু হবে এই খেলা।

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে ম্যাচটি মূলত শেষ ষোলোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছে দলটি।

টানা দুই জয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা শিবিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন আরও দৃঢ়ভাবে নিজের করে নেন। তবে জন্মদিনের পরপরই ব্যাক-টু-ব্যাক ম্যাচ হওয়া এবং নকআউট নিশ্চিত থাকায় জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানো নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়েছেন, এই ম্যাচে স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কেই সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। তার ভাষায়, “দলের বেশিরভাগ ফুটবলারকে সুযোগ দেওয়াই হবে এই ম্যাচের মূল পরিকল্পনা। আমরা সবাইকে সুযোগ দিতে চাই।”

ফুটবল বিশ্লেষকদের মতে, রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে চাইবেন স্কালোনি। তাই জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে বড় পরিবর্তন আসতে পারে। নিকো পাজ, হুলিয়ানো সিমিওনে কিংবা ভালেনতিন বার্কোর মতো তরুণদের শুরু থেকেই দেখা যেতে পারে।

অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে নবাগত দল জর্ডানের। অস্ট্রিয়া ও আলজেরিয়ার বিপক্ষে লড়াই করলেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি তারা। তবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে সম্মান রক্ষার লক্ষ্য নিয়েই মাঠে নামবে এশিয়ান দলটি। হারানোর কিছু না থাকায় তারা আর্জেন্টিনার রক্ষণভাগকে চ্যালেঞ্জ জানাতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ