ATN
শিরোনাম
  •  

ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়: রিজভী

         
ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়: রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থান আর সম্ভব নয়: রিজভী

ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণ ও গণতান্ত্রিক শক্তি এখন ঐক্যবদ্ধ রয়েছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত কিংবা অশুভ তৎপরতা রুখে দিতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ফ্যাসিবাদের উঁকি দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান জানাতেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যৌথভাবে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে।

তিনি অভিযোগ করে বলেন, যারা একসময় জনগণের স্বাভাবিক জীবন, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল, তারা এখন পাচার ও দুর্নীতির অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, দীর্ঘ সময় পর জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেটে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দুঃশাসন ও রক্তপাতনির্ভর শাসনব্যবস্থার বিপরীতে জনগণের স্বতঃস্ফূর্ত রায়ে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে।

তিনি বলেন, ১৭ বছরেও আমাদের দমন করা যায়নি। বাড়িতে বাড়িতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছে। জনির মতো অসংখ্য জাতীয়তাবাদী কর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরুসহ বহু নেতাকে গুম করা হয়েছে। এখন কি জনগণ আবার সেই গুমের রাজত্ব কিংবা ক্রসফায়ার সমর্থন করবে? কখনোই না।

রিজভীর দাবি, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এবং বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গত চার মাসে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার কোনো ঘটনা ঘটায়নি।

তিনি বলেন, কোনো গুম হয়নি, কোনো ক্রসফায়ার হয়নি, কোনো নিরীহ মানুষ মিথ্যা মামলায় কারাবন্দি হয়নি। শুধুমাত্র অপরাধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশ বর্তমানে অগ্রগতি, সমৃদ্ধি ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। তবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে সেই প্রচেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই সবাইকে সজাগ থাকতে হবে। বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশবিরোধী এবং সার্বভৌমত্ববিরোধী পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।

রিজভী বলেন, একটি স্বাধীনতার যুদ্ধে ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই জাতিকে কেউ গোলাম বা কৃতদাসে পরিণত করতে পারবে না। দেশের জনগণ তা হতে দেবে না।

তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের যেকোনো অপতৎপরতা ও অশুভ ইঙ্গিত প্রতিহত করার আহ্বান জানান।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ