ATN
শিরোনাম
  •  

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

         
প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মিছিল, সমাবেশ ও জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছিলেন যে, নিষিদ্ধ দলটির নেতাকর্মী ও সমর্থকরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল বা সমাবেশের চেষ্টা করতে পারে। এ কারণে গত তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে শহরের প্রবেশমুখ ও সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়েছে। পাশাপাশি পিকেটিং, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং সাদা পোশাকের টহলও বাড়ানো হয়েছে।

তিনি বলেন, সম্ভাব্য জমায়েত ঠেকাতে মেস, হোটেলসহ বিভিন্ন সন্দেহজনক স্থানে অভিযান ও তল্লাশি চালানো হয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদের ভাষ্য, আওয়ামী লীগ মিছিল বা সমাবেশের মাধ্যমে সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে চেয়েছিল। তবে ডিএমপির সদস্যরা এখন পর্যন্ত সেই পরিকল্পনা সফল হতে দেয়নি। অবশিষ্ট সময়েও তারা কোথাও সংগঠিত হতে পারবে না বলেও তিনি আশা প্রকাশ করেন।

আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মিছিল চলাকালীন ও পরবর্তী সময়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তার মতে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ইঙ্গিত দেয় যে সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো সব তথ্য এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, রাজধানীর বাইরে থেকে কেউ যাতে ঢাকায় এসে নাশকতা, মিছিল, সমাবেশ বা জমায়েত করতে না পারে, সে জন্য পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট কারাগার থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের প্রসঙ্গ তুলে আশুরা ও তাজিয়া মিছিলে নাশকতার কোনো আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ