ATN
শিরোনাম
  •  

পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : রিজভী

         
পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : রিজভী

পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে বলে তিনি জানান।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ সময় তিনি বলেন জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও যোগ করেন ‘দেশের জনগণ ঐক্যবদ্ধ, তাই দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না।’

সমাবেশে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। জনগণ কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না।’

তিনি দাবি করেন, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের চার মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি। শুধুমাত্র অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে বন্দি করা হয়নি।

রিজভী বলেন, ‘দেশ এখন অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। একটি মহল আবারও এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় সেই অপচেষ্টা সফল হবে না।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন মহল নানাভাবে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে। তাদের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে দেশবিরোধী এবং সার্বভৌমত্ববিরোধী প্রবণতা রয়েছে।’

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের জনগণ কখনো অন্যের গোলামত্ব মেনে নেবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে।’

আয়োজিত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ