ATN
শিরোনাম
  •  

পানি কমতেই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

         
পানি কমতেই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

পানি কমতেই খুলে দেওয়া হলো সাদাপাথর পর্যটনকেন্দ্র

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করায় সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

একদিন বন্ধ থাকার পর সোমবার (২২ জুন) সকাল থেকে পর্যটন স্পটটি পুনরায় চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকদের আগমন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন জানান, পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ায় বর্তমানে পর্যটকদের ভ্রমণের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল (রবিবার) সকাল থেকে সাময়িকভাবে সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। তবে পানি কমে যাওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পর্যটকদের জন্য কেন্দ্রটি খুলে দেওয়া হয়েছে।

প্রশাসন জানিয়েছে, পর্যটকবাহী নৌযান চলাচল ও ভ্রমণ কার্যক্রম বর্তমানে স্বাভাবিক থাকলেও নদীতে এখনো স্রোত রয়েছে। তাই ভ্রমণকালে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা জোরদার করা হয়েছে। নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন না করা, লাইফ জ্যাকেট ব্যবহার এবং নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ