ATN
শিরোনাম
  •  

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে মিলল ৯৮২৫ পিস ইয়াবা

         
কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে মিলল ৯৮২৫ পিস ইয়াবা

নারী যাত্রী

কক্সবাজার বিমানবন্দরে ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক নারী যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নভোএয়ারের ঢাকাগামী ফ্লাইট (ভিকিউ-৯২২)-এ বোর্ডিং পাস সংগ্রহের পর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় ওই নারী যাত্রী সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্ক্যানিং চলাকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মী রাকেশ ঘোষ যাত্রীর ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে রাখা ইয়াবার চালান শনাক্ত করেন। পরে ব্যাগ তল্লাশি করে মোট ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ওই নারীকে আটক করা হয়।

আটক জেসমিন আক্তার (৩৫) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর-শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত হারুন মিয়ার মেয়ে।

উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেসমিন আক্তারকে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ