ATN
শিরোনাম
  •  

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ

         
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ

গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ‘লোহা-ধূসর’ ও ‘কফি-বাদামি ধূসর’ রঙের পরিবর্তে এখন থেকে পুলিশের ইউনিফর্মে ব্যবহৃত হবে ‘ডিপ ব্লু’ (গাঢ় নীল), ‘লাইট অলিভ’ (হালকা জলপাই) এবং ঐতিহ্যবাহী ‘খাকি’ রঙ।

এ লক্ষ্যে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদর দপ্তর। মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১৮ জুন সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।

নতুন বিধিমালা অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাব ছাড়া জেলা ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্টের রঙ হবে গাঢ় নীল।

অন্যদিকে, দেশের সব মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শার্টের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙ। এছাড়া সব ইউনিটের ট্রাউজার বা প্যান্টে বর্তমানে ব্যবহৃত ‘লোহা-ধূসর’ রঙের পরিবর্তে পুনরায় খাকি রঙ চালু করা হয়েছে।

শীতকালীন পোশাকেও আনা হয়েছে পরিবর্তন। সাধারণ পুলিশ সদস্যদের ফুল হাতা জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙ হবে গাঢ় নীল। আর মেট্রোপলিটন পুলিশের জ্যাকেটের রঙ নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই। পাশাপাশি গ্রীষ্মকালে হাফ হাতা এবং শীতকালে ফুল হাতা শার্ট পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।

নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও যুক্ত হয়েছে নতুন রঙের সংযোজন। তারা গাঢ় নীল রঙের শাড়ি পরতে পারবেন। জেলা ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল ব্লাউজ এবং মেট্রোপলিটন পুলিশে হালকা জলপাই রঙের ব্লাউজ পরিধান করতে হবে। এছাড়া নারী সদস্যদের অনুমোদিত হেড কাভার বা হিজাবের রঙও গাঢ় নীল নির্ধারণ করা হয়েছে।

বিধিমালায় আরও বলা হয়েছে, ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরা যারা হিজাব পরিধান করতে ইচ্ছুক, তারা সারা বছর ফুল হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। এছাড়া গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমতি নিয়ে সাধারণ পোশাক পরিধান করতে পারবেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ