ATN
শিরোনাম
  •  

গোলকিপার রুমের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও

         
গোলকিপার রুমের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও

গোলকিপার রুমের বীরত্বে ইকুয়েডরকে রুখে দিল কুরাসাও

প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল কুরাসাও। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছে দলটি। এই সাফল্যের নায়ক গোলকিপার এলয় রুম, যিনি পুরো ম্যাচে ১৫টি দুর্দান্ত সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিয়েছেন।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল ইকুয়েডরের। একের পর এক আক্রমণে কুরাসাওয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও গোলের দেখা পায়নি তারা। প্রতিপক্ষের গোলমুখে ধারাবাহিক চাপ সৃষ্টি করেও শেষ পর্যন্ত হতাশ হয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

ইকুয়েডরের সব আক্রমণের সামনে যেন অদম্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কুরাসাও গোলরক্ষক এলয় রুম। যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাব মায়ামি এফসির হয়ে খেলা ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ গোলকিপার ম্যাচে ১৫টি সেভ করে নিজের দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন।

গ্রুপ ‘ই’-এর এই ড্রয়ে শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে কঠিন সমীকরণের মুখে পড়েছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের খেলতে হবে ইতোমধ্যে নকআউট নিশ্চিত করা জার্মানির বিপক্ষে।

অন্যদিকে, গুরুত্বপূর্ণ এই এক পয়েন্ট পাওয়ায় পরবর্তী রাউন্ডে ওঠার আশা এখনও টিকিয়ে রেখেছে কুরাসাও। শেষ ম্যাচে ভালো ফল করতে পারলে তাদের সামনে সুযোগ থাকছে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার।

এর আগে একই গ্রুপে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি। সেই ম্যাচে জার্মানদের হয়ে জোড়া গোল করেন ডেনিজ উনদাভ।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ