ATN
শিরোনাম
  •  

ইন্টার মায়ামিতে কাসেমিরো, বিশ্বকাপের পর আনুষ্ঠানিক যোগদান

         
ইন্টার মায়ামিতে কাসেমিরো, বিশ্বকাপের পর আনুষ্ঠানিক যোগদান

ইন্টার মায়ামিতে কাসেমিরো, বিশ্বকাপের পর আনুষ্ঠানিক যোগদান

ব্রাজিলিয়ান অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়াতে সফল হয়েছে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ গত জুনে শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন তিনি। তাকে দলে টানতে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব এবং মেজর লিগ সকারের এলএ গ্যালাক্সি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত মায়ামিকেই বেছে নিয়েছেন এই তারকা ফুটবলার।

দলবদল নিয়ে নির্ভরযোগ্য তথ্যদাতা ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামির দেওয়া আকর্ষণীয় প্রস্তাবে সম্মতি দিয়েছেন কাসেমিরো। চলমান ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাবটির সঙ্গে যোগ দেবেন।

২০২৫ মৌসুম শেষে স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেতস অবসরে যাওয়ার পর থেকেই মাঝমাঠে ভুগছিল ইন্টার মায়ামি। সেই ঘাটতি পূরণের লক্ষ্যে পোর্টল্যান্ড টিম্বার্সের সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার ডেভিড আয়ালাকে দলে আনা হলেও তিনি এখনো সাউথ বিচের পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি।

এদিকে মিডফিল্ডার ইয়ানিক ব্রাইটও গত মৌসুমের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে পুরো মৌসুমজুড়ে কেন্দ্রীয় মিডফিল্ডে সমস্যার মুখোমুখি হতে হয়েছে মায়ামিকে। এমন পরিস্থিতিতে পাঁচবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী কাসেমিরোর আগমন দলটির মাঝমাঠে নতুন শক্তি যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

শুধু কাসেমিরোই নন, ২০২৬ বিশ্বকাপ চলাকালীন আরও কয়েকজন বিশ্বখ্যাত ফুটবলারের এমএলএসে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফরাসি ফরোয়ার্ড অ্যান্টোইন গ্রিজম্যান ইতোমধ্যেই অরল্যান্ডো সিটির সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন। অন্যদিকে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি শিকাগো ফায়ারে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ