ATN
শিরোনাম
  •  

হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিল ইরান

         
হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিল ইরান

হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিল ইরান

লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর রয়টার্সের একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগিরই সুইজারল্যান্ডে যেতে পারেন।

আজ শনিবার(২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরজিসি এক বিবৃতিতে খাতাম-আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালি নৌযান চলাচলের জন্য বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এটি প্রথম পদক্ষেপ।

আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিপক্ষকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে আরও পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। জাহাজগুলোকে হরমুজ প্রণালির কাছে না আসার জন্য সতর্ক করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি। এতে জাহাজগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছে তারা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ বন্ধের ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি সুইজারল্যান্ডে যাওয়ার আশা করছেন। সেখানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এগিয়ে নেওয়ার কাজ হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত হরমুজ প্রণালি বাস্তবে বন্ধ করে দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। ভ্যান্স আরও বলেন, মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ ইতিমধ্যে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

ভ্যান্স বলেন, ‘আজ সকালে তাদের সঙ্গে কথা হয়েছে। আমার ধারণা, আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের আলোচক দল শনিবারই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ৬০ দিনের আলোচনার অন্যতম পূর্বশর্ত ছিল লেবাননে সংঘাত বন্ধ করা। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হিজবুল্লাহ তাদের বাহিনীর ওপর ৫০টির বেশি রকেট ও গোলা নিক্ষেপ করেছে, যার জবাব হিসেবে তারা হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েল যদি লেবাননের ভূখণ্ডে অভিযান চালায়, তাহলে তার জবাব দেওয়া হবে।

ইসরায়েলও জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মেনে চললেও দেশের নিরাপত্তা বা সেনাদের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩ হাজার ৯১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসাকর্মীরাও রয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের দাবি অনুযায়ী, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে দেশটির অন্তত ৩২ সেনা ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি আগের মতোই নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে আলোচনা আয়োজনের সুযোগ করে দিচ্ছে। তবে গোপনীয়তার স্বার্থে বৈঠকে অংশগ্রহণকারী বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হবে না।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ