ATN
শিরোনাম
  •  

ব্যাংক গ্যারান্টির বিপরীতে ৩০ শতাংশ মূল্য সংযোজন বহাল চায় বিটিএমএ

         
ব্যাংক গ্যারান্টির বিপরীতে ৩০ শতাংশ মূল্য সংযোজন বহাল চায় বিটিএমএ

ব্যাংক গ্যারান্টির বিপরীতে ৩০ শতাংশ মূল্য সংযোজন বহাল চায় বিটিএমএ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে, যা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তুলে দেওয়া হয়েছে।

এছাড়াও, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার এবং প্রাইমারি টেক্সটাইল খাতের করপোরেট করহার কমিয়ে ১২ শতাংশ নির্ধারণের আহ্বান জানিয়েছে।

আজ শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর গুলশানের একটি ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এ দাবি জানান।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘দেশীয় টেক্সটাইল শিল্পকে রক্ষা করা মানে কেবল একটি শিল্পখাতকে রক্ষা করা নয়; এটি দেশের রপ্তানি আয়ের ভিত্তি, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, ব্যাংকিং খাতের বিনিয়োগ, কর্মসংস্থান, উদ্যোক্তা সুরক্ষা এবং ভবিষ্যৎ শিল্পায়নকে রক্ষা করা।’

বিটিএমএর মতে, ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত প্রত্যাহার করা হলে বন্ড সুবিধার অপব্যবহার, অনিয়ম এবং বাজারে অসম প্রতিযোগিতার ঝুঁকি বাড়বে। একই সঙ্গে এলডিসি-উত্তরণ-পরবর্তী সময়ে স্থানীয় শিল্পের সক্ষমতা ও রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখাও কঠিন হয়ে পড়বে। এ কারণে বিদ্যমান ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি আরও বলেছে, বর্তমানে বিশ্ববাজারে ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হলে দেশীয় সুতা উৎপাদনের ব্যয় বাড়বে এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ বাধাগ্রস্ত হবে। তাই এ শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিটিএমএ।

এছাড়া দেশীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং একই ভ্যালু চেইনে ন্যায্য করনীতি নিশ্চিত করতে প্রাইমারি টেক্সটাইল খাতের করপোরেট করহার ১২ শতাংশ নির্ধারণ করে ২০৩০ সাল পর্যন্ত বহাল রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রাইমারি টেক্সটাইল শিল্প দেশের তৈরি পোশাকশিল্পের মূল ভিত্তি। এই খাত শক্তিশালী না হলে স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখা কঠিন হবে। তাই প্রস্তাবিত বাজেটের এসব বিষয় পুনর্বিবেচনার মাধ্যমে দেশীয় শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানান তিনি।

রিপোর্ট :গো. কা. র/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ