ATN
শিরোনাম
  •  

নাম-বয়স সংশোধনে দালালদের এড়িয়ে চলার আহ্বান ঢাকা শিক্ষাবোর্ডের

         
নাম-বয়স সংশোধনে দালালদের এড়িয়ে চলার আহ্বান ঢাকা শিক্ষাবোর্ডের

নাম-বয়স সংশোধনে দালালদের এড়িয়ে চলার আহ্বান ঢাকা শিক্ষাবোর্ডের

শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ বা বয়স সংশোধনের ক্ষেত্রে কোনো দালাল কিংবা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার জন্য সতর্ক করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কাউকে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বোর্ডে কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে। বাকি আবেদনগুলোও অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।

বোর্ড জানায়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র আবেদন দ্রুত নিষ্পত্তির মিথ্যা আশ্বাস দিয়ে আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছে। এসব প্রতারণার শিকার হয়ে অনেক আবেদনকারী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ডের মতে, নাম ও বয়স সংশোধনের পুরো কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুসারেই সম্পন্ন হচ্ছে। আবেদন সংক্রান্ত কোনো জটিলতা, তথ্যের প্রয়োজন বা জরুরি সহযোগিতার জন্য আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবন, লিফট-৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

দালালমুক্ত সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণা থেকে নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরও সচেতন করুন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ